পিরোজপুরে স্কুল বন্ধ রেখে,বিয়ে বাড়িতে সকলে..

আপডেট: October 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

  নাজিরপুর প্রতিনিধি::
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সবেমাত্র দুটি ক্লাস শেষ হয়েছে। কিছুক্ষণ পরই শুরু হবে ‍তৃতীয় ক্লাস। কিন্তু তার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে ভবনে তালা ঝুলিয়ে বাড়িতে চলে যান প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা দেওয়া হয়।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নির্ধারিত সময় পর্যন্ত পাঠদানের দায়িত্ব শিক্ষকদের। কোনো সামাজিক বা ব্যক্তিগত অনুষ্ঠানের দোহাই দিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় ছুটি দেওয়ার সুযোগ নেই। এভাবে ছুটি দেওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়।’ নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধের এই ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।

বিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে দেখা হলে তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করে বলেন, ‘স্কুল ১১টা ৪০ মিনিটের সময় বন্ধ করে স্যারেরা বাড়িতে চলে যান।’

এ ব্যাপারে দেউলবাড়ি ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আলাউদ্দিন আকন বলেন, ‘আমরা স্কুলে গিয়েছিলাম। স্কুল ভবনের পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় দুটি ক্লাস নেওয়া হয়। এরপর প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে দেন।’

শিক্ষকরা ওই বিয়ে বাড়িতে যাবেন কিনা, জানতে চাইলে ‘কোনো শিক্ষকই অনুষ্ঠানে যাবেন না’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব