আপডেট: May 18, 2022
স্টাফ রিপোর্টার
মাছ ধরার জাল চুরির ঘটনা ফাঁস করে দিয়েছে এমন সন্দেহে খোকন নামে এক জেলেকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খোকন আব্দুর রহিমের ছেলে। আহত অবস্থায় খোকন হাওলাদার বলেন, কিছুদিন আগে স্থানীয় জেলে রাশেদের জাল চুরির ঘটনা ঘটে। পরে চোরাইকৃত জাল এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করে রাশেদ। জালের সন্ধান দিয়েছে খোকন, এমন সন্দেহ হলে ক্ষিপ্ত হয় স্থানীয় চোর মামুন। একপর্যায়ে মামুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে খোকনকে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে মামুন পালিয়ে যায়। মামুন ওই গ্রামের বাবুল শরীফের ছেলে। তবে এ ঘটনায় মামুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কাউনিয়া থানার ডিউটি অফিসার এসআই মিরাজ বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।






