আপডেট: March 22, 2022
নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে আনসার সদস্যরা। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজনের কাছে চুরি হওয়া ওই স্বর্ণালংকার ফেরত দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন জাহানারা বেগম সংবাদকর্মীদের বলেন, ‘মঙ্গলবার সকালে আমার স্বজনের একটি কানের দুল চুরি হয়ে যায়। যার মূল্য ১০ হাজার টাকা। অনেক খোজাখুজির পরে কানের দুল না পাওয়ায় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের অবগত করি। পরে তারা এসে আমার চুরি হওয়া কানের দুল উদ্ধার করে। কিন্তু ওই চোরকে আমি ক্ষমা করে দেওয়ায় তাকে আনসার সদস্যরা ছেড়ে দেয়’। জাহানারা বেগম বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের সেলিম হাওলাদারের স্ত্রী। এদিকে আনসার সদস্য মোঃ মাহবুব বলেন,‘ জাহানারা বেগমের স্বজনের একটি কানের দুল চুরি হয়ে যায়। পরে আমরা বিষয়টি জানতে পেরে ওই কানের দুলটি উদ্ধার করে তাদেরকে ফেরত দেই’।






