আপডেট: October 4, 2026
স্টাফ রিপোর্টার::
বরিশাল নগরীর রূপাতলী এলাকার ‘ড্রিম লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ থেকে চিকিৎসাধীন অবস্থায় কেশব কর্মকার (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩ অক্টোবর (শনিবার) বিকেল সাড় ৩টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। কেশব কর্মকারের মৃত্যুর ঘটনায় বরিশাল কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশি্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই আবু সাইদ।
অন্যদিকে কেশব কর্মকারের লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানা পুলিশের সদস্য মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,কেশব কর্মকারের লাশ তার স্বজনরা এসে নিয়ে গেছে।
নিহতের পরিবার বিষয়টিকে অস্বাভাবিক দাবি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।নিহত কেশব কর্মকার পটুয়াখালীর কুয়াকাটা এলাকার অনিল কর্মকারের ছেলে। তিনি বর্তমানে বরিশাল কোতোয়ালি থানা সংলগ্ন লাইন রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর (শুক্রবার) কেশব কর্মকারকে চিকিৎসার জন্য রূপাতলীর ড্রিম লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ভর্তির পরদিনই শনিবার বিকেলে কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে রাখা হয়।
এদিকে নিহতের ছেলে অনীল কর্মকার অভিযোগ করে বলেন,নিরাময় কেন্দ্রে বাবাকে শারীরিক নির্যাতন করা হয়োছে। যেকারণে বাবার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে আমরা আইনের আশ্রয় নিতে পারি।






