আপডেট: October 19, 2026
রিপোর্ট, শিকদার মাহবুব::
বরিশালে আবুল খায়ের কোম্পানীর সুপারভাইজার আনোয়ারের বিরুদ্ধে কর্মচারীদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দিবাগত রাত আটটার দিকে বরিশাল বিসিক শিল্প নগরী সংলগ্ন কাউনিয়া হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার আবুল খায়ের কোম্পানীর এসআর হাসান বলেন, আবুল খায়ের কোম্পানী আমার কাছে ৪৪ হাজার টাকা পাবেন। কিন্তু এসব টাকা মার্কেটে বকেয়া পড়ে রয়েছে। আমি সুপারভাইজার আনোয়ার স্যারকে বলেছি, আমার চলতি মাসের বেতনের ২৮ হাজার টাকা নিয়ে নিতে। বাকি পাওনা টাকা আমি পরে পরিশোধ করে দিবো।
কিন্তু সুপারভাইজার আনোয়ার স্যার আমার কথা রাখেননি। উল্টো আমাকে মারধর করে সুপাভাইজারের বাসায় আটকে রেখেছে। আমি এখনও মুক্ত হতে পারিনি। আমি এখান থেকে মুক্ত হওয়ার জন্য আইনী সহায়তা চাই।
এদিকে কাউনিয়া হাউজিং এলাকায় অবস্থিত আবুল খায়ের কোম্পানীর সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন,হাসানকে আটকে রাখা হয়নি।পাওনা টাকা পরিশোধ করতে পারলে হাসানকে সকালে ছেড়ে দেওয়া হবে।
অন্যদিকে আবুল খায়ের কোম্পানীর বরিশাল বিভাগীয় প্রধান আল আমিনের কাছে বিষয়টি জানতে চাই তিনি বলেন, আপনারা (সাংবাদিক) রাত বেরাতে ফোন করেন! আমরা (সাংবাদিক) রাত বেরাতে মন্ত্রী-এমপি, ডিসি-এসপিকেও তো তথ্যের জন্য ফোন করি- এতে সমস্যা কী? এমন প্রশ্নের উত্তরে আল আমিন বলেন, বিষয়টি আমি দেখতেছি।
এদিকে কাউনিয়া থানার ইন্সপেক্টর কামাল হোসেন বলেন,ভাই (সাংবাদিক) ভিক্টিমকে আমরা উদ্ধার করতে লোক পাঠাচ্ছি। আমেদেরকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন।






