আপডেট: October 23, 2026
রিপোর্ট, বিডি ক্রাইম পেট্রোল::
একদিকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থার সংকটে পড়েছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল। পুরুষ মেডিসিন ইউনিটের ১২ শয্যার একটি ডেঙ্গু কর্নারে জায়গা হয়েছে ২৫ রোগীর। অতিরিক্ত ১৩ জনকে রাখতে হয়েছে সাধারণ রোগীদের পাশেই। অনেকের নেই মশারি, নেই পর্যাপ্ত জায়গা। ফলে ডেঙ্গু রোগীর চিকিৎসার পাশাপাশি ঝুঁকিতে পড়েছেন অন্য রোগী ও স্বজনরাও।
Advertisement
গতকাল বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলার ৩২ নম্বর ওয়ার্ডের পুরুষ মেডিসিন ইউনিট-১-এর ডেঙ্গু কর্নারে গিয়ে দেখা যায়, নির্ধারিত ১২টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ২৫ জন। জায়গা না থাকায় ১৩ জন ডেঙ্গু রোগীকে সাধারণ মেডিসিন রোগীদের সঙ্গে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মশারি ছাড়াই অনেক রোগীকে শুয়ে থাকতে দেখা যায়। পাশের ৩৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেডিসিন ইউনিট-১ ও ৩-এও একই চিত্র দেখা গেছে। নতুন ভবনের কয়েকটি ওয়ার্ডেও ডেঙ্গু ও সাধারণ রোগীদের পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।
তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ১৬ হাজার ১৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৮৬ জন। এ সময়ে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৮ জন। অর্থাৎ বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর ১৩ শতাংশই চিকিৎসা নিয়েছেন এ হাসপাতালে। শেবাচিম থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ২৪ জন।






