আগৈলঝাড়ায় সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার গ্রেপ্তার

আপডেট: October 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সঞ্জয় কুমার বাড়ৈ (৩৫) নামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব