আপডেট: October 28, 2026
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিন্টু সেরনিয়াবাত (৩৮) ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে মিন্টু সেরনিয়াবাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পরে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’






