গৌরনদীতে পানিওয়ালা আব্দুল খালেকের লা/শ উদ্ধার

আপডেট: October 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় নিজ বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদারের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার সর্বশেষ খালেককে বাজারে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।

বুধবার সন্ধ্যায় তার বসতঘরের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন দুর্গন্ধ পান। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেক ওই ঘরে একাই বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব