বরিশালে ঠিকানা হারিয়ে স্বামী-সন্তানদের খুঁজছেন কুলসুম বেগম

আপডেট: October 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নিজের ঠিকানা হারিয়ে স্বামী-সন্তানদের খুঁজে বেড়াচ্ছেন প্রায় ৭০ বছর বয়সী কুলসুম বেগম। কোথায় তাঁর বাড়ি, কোন জেলা বা গ্রামের বাসিন্দা, কিছুই মনে করতে পারছেন না তিনি। শুধু বারবার উচ্চারণ করছেন ‘ঝিকরগাছা’ নামটি। আর মুখে একটাই আকুতি—আমি বাড়ি ফিরতে চাই।

এমন অসহায় অবস্থায় কুলসুম বেগমের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালীর কলাপাড়ার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’। সংগঠনটি তাঁর পরিবারের সন্ধান করার পাশাপাশি পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত কুলসুম বেগম অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে রয়েছেন।

ঠিকানা হারিয়ে ফেলা কুলসুম বেগম জানান, তাঁর স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস)। তিনি চার সন্তানের জননী। তাঁর সন্তানদের নাম ইব্রাহিম, সুফিয়া, ফিরোজা ও পারুল। এ ছাড়া দেবর জব্বার, হামিদ ও সত্তার নামে কয়েকজন স্বজনের কথাও জানিয়েছেন তিনি।

কুলসুম বেগমের ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী বাড়িতে ধান-চালের ব্যবসা করতেন। পরিবারের সদস্যদের নাম ও স্বামীর পেশার কথা মনে করতে পারলেও নিজের থানা, জেলা, ইউনিয়ন কিংবা গ্রামের নাম বলতে পারছেন না। তবে তিনি বারবার ‘ঝিকরগাছা’ নামটি উচ্চারণ করছেন।

বর্তমানে কোনো স্থায়ী ঠিকানা না থাকায় পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছিল তাঁকে। অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে যা খাবার পেতেন, তা-ই খেয়ে দিন কাটছিল তাঁর। এমন অবস্থার খবর পেয়ে ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাঁর দায়িত্ব নেন এবং পরিবারের সন্ধানে কাজ শুরু করেন।

কুলসুম বেগমকে তাঁর স্বামী, সন্তান ও স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি। কেউ যদি তাঁকে চিনে থাকলে অথবা তাঁর পরিবারের সন্ধান জানা থাকলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

যোগাযোগ: নয়নাভিরাম গাইন (নয়ন) প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন নীলগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী, মোবাইল: ০১৭১০৭৮৩২৬৩।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব