বরিশালের মানিক পশারীর দাফনে বাধা : গাইবান্ধায় মানববন্ধন

আপডেট: November 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 গাইবান্ধা প্রতিনিধি
বরিশাল পিরোজপুরের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক ছানা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খয়বর হোসেন ও শাহিদুল আলম তোতাসহ অনেকে।

বক্তারা বলেন, মানিক পশারী দেশের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় যিনি দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তার গার্ড অব অনার ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড।

তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব