র‌্যাব-৮’র সফল অভিযান:১০ কোটি টাকার মূর্তি উদ্ধার

আপডেট: October 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুবঃগোপালগঞ্জের মকসুদপুর থেকে একটি প্রাচীন কষ্টি পাথর দিয়ে তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৮। এছাড়াও প্রাচীন মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে মূর্তি উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে র‌্যাব-৮কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলো : গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫৭), একই এলাকার মৃত আমির আলী মুন্সির ছেলে টুকু মুন্সি (৩৫) ও পাবনার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮)।
র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তাদের ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সূত্রে জানতে পারে শাশুনিয়া গ্রামের আবুল খায়ের মোল্লার ঘরে চোরাচালানের উদ্দেশ্যে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি বিক্রির জন্য আনা হয়েছে। এ খবরে তাদের ফরিদপুর ক্যাম্পের দল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশী চালিয়ে ৩২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি চোরাচালানে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে।
র‌্যাব উপ-পরিচালক জানান, পাল আমলের ওই বিষ্ণু মূর্তির বয়স আনুমানিক ৭০০ থেকে ১০০০ বছর। আসামীর বরাতে জানান, বিক্রয়ের উদ্দেশ্যে গত ৬ মাস ধরে মূর্তিটি তাদের হেফাজতে ছিলো। মূর্তির উচ্চতা ২৬ দশমিক ৫ ইঞ্চি ও প্রস্ত ১৪ ইঞ্চি। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে। তারা আরো জানায়, আসামীদের রাতে মকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব