রাজশাহীতে যুবলীগের সাবেক সম্পাদকসহ ৭ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: December 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহীতে আওয়ামী লীগ-যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাতজনের মধ্যে রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুও রয়েছেন। বুধবার সন্ধ্যায় নগরীর বর্ণালী মোড় থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা-পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি থানায় ছিলেন। বৃহস্পতিবার তাকে আদালতে তোলার কথা আছে।

আলী আজম সেন্টুকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ডিউটি অফিসার।

গ্রেফতার অন্য ছয় নেতাকর্মী হলেন- নগরীর মোল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী মো. মিলন, পবার বাগধানী উলাপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সোহেল রানা, পবা নতুনপাড়ার আওয়ামী লীগ কর্মী পারভেজ হোসেন, বড়বনগ্রাম চকপাড়া এলাকার ছাত্রলীগ কর্মী মো. শান্ত, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শুরশুনিপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মাহাবুব হোসেন মাসুদ ও নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী বাবু। সেকেন্দার আলী নগরীর কোর্ট ফেততাপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি মহাদেবপুরের ফাজিলপুর।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এই ছয়জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব