আপডেট: November 12, 2022
রিপোর্ট,শিকদার মাহাবুবঃ পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে স্বামী ও স্ত্রীকে লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হনুফা বেগমকে(৪৫) উদ্ধার করে প্রথমে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উজিরপুর কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে তার স্বামী আবদুল জলিল হাওলাদার
(সান্টু)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হনুফা বেগম বলেন, গত বৃহস্পতিবার আনুমানিক সকাল দশটার দিকে রহমতপুর ইউনিয়নের উত্তর খানপুরা গ্রামের উঠানে আমি গাছের পাতা কুড়াতে থাকি। এসময়ে পূর্ব পরিকল্পিতভাবে ও অতর্কিত আমার ওপর হামলা করে আব্দুর রহিম, জামাল হোসেন, কামাল হোসেন, করীম হাওলাদার, শাকিল হাওলাদারসহ আরও ৪/৫ জন যুবক। প্রথমে আব্দুর রহিম আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে আমি হাত দিয়ে বাঁধা প্রদান করি। এসময়ে আমার ডান হাত ভেঙে যায়। এরপর উপর্যুপরি শরীরে আঘাত করে। তাছাড়া আমাকে টেনেহিঁচড়ে পাকা রাস্তায় নিয়ে বুকের ওপর লাথি মারতে থাকে। আমি কাকতি মিনতি করলেও ওরা শুনেনি। সান্টু হাওলাদার বলেন, হামলার সময় আমার স্ত্রীকে বাঁচাতে গেলে তারা আমাকেও মারধর করে। এসময়ে আমার স্ত্রীর শরীরে থাকা স্বর্নের চেইন ও কানের দুল নিয়ে যায়। এমনকি ঘরে থাকা নগদ অর্থ লুট করে প্রতিপক্ষ।
তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বিমান বন্দর থানার ওসি হেলাল বলেন, বিষয়টি আমার জানা নেই।






