আপডেট: February 10, 2023
স্টাফ রিপোর্টার
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার গুঞ্জনে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেবার ওয়ার্ডে ইউনিট (২) এর ৫৫ নম্বর বেডে এ ঘটনা ঘটে। ওই বেডে চিকিৎসাধীন রোগী শিউলি বেগম(৪০) বলেন, এক ইন্টার্ন নার্স আমাকে অক্সিজেন দিতে আসে। এসময়ে অক্সিজেন লাইন লিক হওয়ার কারনে অক্সিজেন সাদৃশ্য ধোঁয়া বের হতে থাকে। এতে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়লে সকলে দৌড়াতে থাকে। কিন্তু আমি বেডেই বসে ছিলাম। আমি কোথাও যাইনি। তবে আমার পাশের বেডে চিকিৎসাধীন রোগী ও তার স্বজনরা ধোঁয়া দেখে ভয়ে পালিয়েছে। জানা গেছে, শিউলি নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের আবুল কালামের স্ত্রী। চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সে হাসপাতালে ভর্তি হয়েছেন।এখানে ওই রোগীকে অক্সিজেন দেওয়ার দায়িত্বে ছিলেন ডিডব্লিউটিএফ নার্সিং কলেজের স্টুডেন্ট বৈশাখী হালদার। বৈশাখী হালদার বলেন,অক্সিজেন মাস্ক লিক হওয়ার কারণে প্রচন্ড ধোঁয়া ছড়াতে থাকে। যেকারণে অন্য বেডের রোগী ও স্বজনরা ভয়ে পালাতে থাকে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স দিলরুবা খানম বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকলে বেডে এসে চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে আগুন লাগার গুঞ্জনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে তারা ফিরে যায়।






