আপডেট: May 10, 2023
স্টাফ রিপোর্টার:
চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে ভাড়ায় চালিত এক মটর সাইকেল চালকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর জেলখানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে আহত বাপ্পি সরদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাপ্পি নাজির মহল্লা এলাকার শামসুল আলম (টুলুর) ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি সরদার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর জেলখানার মোড় এলাকায় রাজীবের চায়ের দোকানে আমি চা পান করছিলাম। এসময়ে কোনো অযুহাত ছাড়াই নুরু নামে এক যুবক দোকানে বসা ক্রেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে আমি প্রতিবাদ করলে নুরু ফরাজি চায়ের কাপ ভেঙে তা দিয়ে আমার মাথায় কুপিয়ে জখম করে। এমনকি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। নুরু ফরাজি নাজির মহল্লার কাঞ্চন ওরফে ল্যাংড়া কাঞ্চনের ছেলে। তবে হামলাকারী যুবক নুরু ফরাজির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






