আপডেট: June 18, 2023
স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার বুখাইনগর বাজারে ইমন নামে এক ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত ইমনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী আবু সালেহ ইমন বলেন,বুখাইনগর বাজারে মাহেন্দ্রা ভাড়া নিয়ে স্থানীয় বাসিন্দা সুমন ও আনিচ মারামারি করে। এসময়ে আমি মারামারি ঠেকাতে যাই। মারামারিতে আমি জড়িত রয়েছি এমন সন্দেহে আমাকে বাংলা দা দিয়ে কোপায় আনিচ,কালাম ও সেন্টুসহ ৩/৪ জন যুবক। এমনকি আমার পকেটে মুদি দোকানের মালামাল কেনার জন্য ১ লক্ষ ৩ হাজার টাকা নিয়ে যায় তারা। হামলার একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়লে ওরা আমাকে মৃত ভেবে রাস্তার ওপরে ফেলে পালিয়ে যায়। আহতের বড় ভাই মোঃ রিমন বলেন, হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কোতোয়ালি থানার ডিউটি অফিসার জুবায়ের হোসেন বলেন, হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।






