আপডেট: November 7, 2026
ঝালকাঠি প্রতিনিধি
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই অবগত নয়। তাই এ দিনের প্রকৃত ইতিহাস এবং দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক মুহূর্তে সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত না করলে দেশের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারত।
এ দিনের ঘটনাপ্রবাহ ও ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে অতীতের রাজনৈতিক ঘটনাবলি এবং বিভিন্ন সরকারের কর্মকাণ্ড যথাযথভাবে ইতিহাসে লিপিবদ্ধ করা উচিত।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্কুল-কলেজসহ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হবে না, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।






