রুপাতলীতে পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে ৩ জনকে পেটানোর অভিযোগ

আপডেট: June 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ
এজমালি পুকুরে মাছ চাষের বিষয়কে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে পাঁচটার দিকে বরিশাল নগরীর রুপাতলী চান্দু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে গুরুতর আহত অবস্থায় আহতদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন কবির বেপারী, তার স্ত্রী হিরুন বেগম ও মেয়ে মেহেনাজ আক্তার আঁখি। তবে মাথায় আঘাতের কারণে আঁখির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মহিলা সার্জারী ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরুন বেগম বলেন,পূর্ব শত্রুতা ও এজমালি পুকুরে মাছ চাষের বিষয়কে কেন্দ্র করে আমাদের ওপর হামলা চালায় একই এলাকার হাসিনা আক্তার ওরফে হাসি,সোহেল বিশ্বাস,সামুদ বিশ্বাস ও তার স্ত্রী রিনা বেগম,ছেলে মারুফ বিশ্বাস, আলেয়া বেগমসহ ৩/৪ জন। হিরুন বেগম বলেন রবিবার দুপুরে প্রথম দফায়
মাছ চাষের বিষয়কে কেন্দ্র করে আমার স্বামীকে মারধরের হুমকি দেয় প্রতিপক্ষরা। যার ধারাবাহিকতায়
রবিবার বিকেলেই পাঁচটার দিকে দ্বিতীয় দফায় আমার স্বামীর ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। মারধরের হাত থেকে তাকে বাঁচাতে ছুটে যাই আমি এবং আমার মেয়ে। একপর্যায়ে আমাদেরকেও লোহার রড দিয়ে পেটায় প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে হামলার ঘটনায় হিরুন বেগমের ছেলে মাঈনুল বাদী হয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছে। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে থানার তদন্ত ওসি আমিন উল্লাহ বারী বলেন, তদন্ত সাপেক্ষে আমরা মামলা রেকর্ড করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব