আপডেট: June 20, 2023
স্টাফ রিপোর্টারঃবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় ৪ জন আনসারকে বহিষ্কার করার সুপারিশ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবামেক) পরিচালক।গতকাল সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শেবামেক হাসপাতালের বহিঃবিভাগে মায়ের চিকিৎসা করাতে এসে ডিউটিরত আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয় ওই শিক্ষার্থী। ববি শিক্ষার্থী শান্ত হাওলাদার বলেন,নিজ গ্রাম বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতী ইউনিয়নের মোড়াজাল থেকে মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে আসি। হাসপাতালের বহিঃবিভাগে টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য দীর্ঘ সারিতে দাড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ি। এসময়ে আমি বহিঃবিভাগে একটি বৈদ্যুতিক পাখার নিচে বাতাসের জন্যে দাঁড়িয়েছিলাম। লাইন ব্যতীত দাঁড়ানোর কারণে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত এক আনসার সদস্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমন পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে আমার গেঞ্জির কলার ধরে টানতে থাকে। একপর্যায়ে মা ও বোন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও পেটায় ৪ জন আনসার সদস্য। শান্তর মা ফরিদা বেগম (৫৫) বলেন, ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে এগিয়ে গেলে আমার মাথায় লাঠি দিয়ে পেটায় ওই আনসার সদস্যরা। এদিকে ববি শিক্ষার্থীকে পেটানোর ঘটনা ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা হাসপাতালের মধ্যে প্রবেশ করলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি ফজলুল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া মারধরের অভিযোগ সত্য হওয়ার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। হাসপাতাল পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, মারধরের সত্যতা পাওয়ায় আনসারদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত আনসার সদস্যরা হলেন, হেমায়েত উদ্দিন, আলতাফ, রিয়াজ ও মোশাররফ।






