আপডেট: February 17, 2024
স্টাফ রিপোর্টার::নৌকা তৈরির কাঠ চুরি করার প্রতিবাদ করার কারনে এক জেলের ওপর হামলা করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার নয়টার দিকে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়নের চাষি পতাং গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত মোঃ রিয়াজ সিকদারকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত রিয়াজ ওই গ্রামের মৃত বদর আলি সিকদারের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ বলেন, নৌকা তৈরির কাঠ চুরি করার প্রতিবাদ করার কারনে একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে ইউসুফ ও রায়হান হাওলাদার আমাকে নৌকার বৈঠা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বৈঠার আঘাতে আমার মাথা ফেটে রক্তাক্ত হয়। একপর্যায়ে আমি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ওরা আমাকে মৃত ভেবে পালিয়ে যায়। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আহতের বড় ভাই হালিম সিকদার বলেন, হামলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।






