ছাত্র-জনতার ওপর ২৮ গুলি চালানো যুবলীগ কর্মী গ্রেপ্তার

আপডেট: November 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক::
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো পেশাদার সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানি শুটারগান দিয়ে তিনি ২৮ রাউন্ড গুলি ছুড়েন।

শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) রইছ উদ্দিন। এর আগে শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, সন্ত্রাসী তৌহিদুল রাজনৈতিক কোনো দল বা সংগঠনের বড় পদে ছিলেন না। তিনি পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। আন্দোলনে ২৮টি গুলি চালানোর কথা স্বীকার করেছেন তিনি। পাকিস্তানি শুটারগানটি উদ্ধারের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা এসরারুল হকের অনুসারী তৌহিদুল। তার বাড়ি চান্দগাঁও থানার শমশের পাড়ার বড় পুকুরপাড় এলাকায়। তিনি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে উপস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

গুলি ছোড়ার অভিযোগ স্বীকার করে সংবাদ সম্মেলনে তৌহিদুল বলেন, ‘আমাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর জন্য বলেছিলেন সাবেক কাউন্সিলর এসরারুল ও তাঁর অনুসারী আরেক যুবলীগ নেতা মহিউদ্দীন ফরহাদ। তারা এ কাজের জন্য পাঁচ হাজার টাকাও দিয়েছিলেন। টাকা পাওয়ার পর গত ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাই।’

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব