গান-বাজনা বন্ধ করতে বলায় ইমামকে মারধর !

আপডেট: November 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাইবান্ধা সদর উপজেলায় নেশা না করা ও গান-বাজনা বাজাতে নিষেধ করায় এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

রোববার বিকালে মওলা মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ওই ইমামকে পথে আটকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কিলঘুষি মারেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়। তাকে মারধর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিসহ এলাকাবাসী। এ সময় অভিযুক্ত মওলাকে গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানান তারা।

অভিযুক্ত মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী। অপরদিকে ভুক্তভোগী মসজিদের ইমামের নাম মো. শাহজালাল। তিনি সদর উপজেলার ৭ নম্বর বারিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের ইমামতি করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে মওলা একটি মাজার করে সেখানে দিনরাত মাদক সেবনের আড্ডা ও গান-বাজনা করেন। বারবার নিষেধ করলেও গান-বাজনা বন্ধ হয়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব