আপডেট: November 25, 2024
অনলাইন ডেস্ক::: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৫ নভেম্বর) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।
সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। কবে চিকিত্সার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।’
আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করতে ফিরোজায় গিয়েছিলেন।






