বাংলাদেশিকে গুলি করে হত্যা:মরদেহ ফেরত দিল বিএসএফ

আপডেট: December 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক::: পঞ্চগড়ে সীমান্তের ওপারে আনোয়ার হোসেন (৪০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার বিকেলে সকল প্রক্রিয়া শেষে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এরপর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন।  শুক্রবার ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি ওই বাংলাদেশিরা তাদের ওপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় তারা। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেই সাথে চোরাচালানের দুইটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা।

সূত্রটি জানায়, এদিকে গুলির শব্দ পেয়ে চোরাকারবারীদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে মরদেহটি বিএসএফের কাছ থেকে গ্রহণ করে সকল প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মরদেহটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব