আপডেট: December 12, 2024
অনলাইন ডেস্ক::: ঝিনাইদহ প্রতিনিধি::: ঝিনাইদহে দাফনের ৬১ দিন পর সোহান (১৪) নামে এক কিশোর স্কুলছাত্রের লাশ উত্তোলন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের ১৯ মাইল কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে।
সোহান ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের। ২১ সেপ্টেম্বর ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার লাশ ঝিনাইদহের নগরবাথান গ্রামে সোহানের লাশ দাফন করে। লাশ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহ আদালতে সোহানের পিতা শহিদুল ইসলাম ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করলে ঝিনাইদহ সদর আমলি আদালতের বিচারক তা মঞ্জুর করেন।
পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী সাকিব ও তার অজ্ঞাত বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার ৩শ’ ফিটের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে তাকে হত্যা করে বিষয়টি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে।






