আপডেট: December 12, 2021
আব্দুল্লাহ আল হাসিব
নিত্যপণ্যের বাজারে সরবরাহ বাড়ায় বরিশালে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সবধরনের সবজির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। পাশাপাশি সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে হলে দ্রুত দাম আরও কমা উচিত বলে মনে করছেন ভোক্তারা।
এদিকে শীতের সাথে সাথে সরবরাহ বাড়লে দাম আরও কমার ইঙ্গিত দিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা বলছেন- সরবরাহ যেভাবে বাড়ছে তাতে আশা করা যায় শীঘ্রই সবজির দাম স্বাভাবিক হয়ে আসবে।
রবিবার বরিশাল নগরীর বাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা কেজি দরে। একইভাবে সপ্তাহের ব্যবধানে ফুলকপির দাম ১০ টাকা কমে বর্তমানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাধাকপি ও মুলার দাম কেজিতে কমেছে ১৫ টাকা পর্যন্ত।
তবে টমেটোর দামও কসেছে। গত সপ্তাহের ১৫০ টাকা কেজি দরের টমেটোর বর্তমান কেজিমূল্য ৬০ টাকা। এছাড়া দাম অপরিবর্তিত রয়েছে শসা এবং গাজরের। অপরদিকে কমেছে কাঁচামরিচের ঝাঁঝ। ১০ টাকা কমে এখন মরিচ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজিতে।
স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। গরুর গোশতের কেজি ৫৪০ থেকে ৫৫০ টাকায়, খাসি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে নগরীর সব কাঁচাবাজরে। সোনালী মুরগীর কেজি ২৫০ এবং ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে পূর্বের সপ্তাহের মতই। এদিকে গত সপ্তাহের দামেই এ সপ্তাহেও বিক্রি হচ্ছে সব ধরনের মাছ।
নথুল্লাবাদ বাজারের সবজি বিক্রেতা কাওসার বলেন, মৌসুমের শুরুর দিকে সীমিত পরিসরে শীতকালীন সবজি বা তরিতরকারি উঠার কারণে দাম বাড়তির দিকে ছিল। এখন একটু কম। অন্যদিকে পোর্টরোড বাজারের সবজি ব্যবসায়ী সুজন বলেন,বর্তমানে অধিকাংশ শীতকালীন সবজি বা তরিতরকারির দাম ক্রেতাসাধারনের হাতের নাগালে রয়েছে। একমাত্র টমেটোর দাম একটু বাড়তি রয়েছে।






