আপডেট: November 7, 2026
স্টাফ রিপোর্টার, বরিশাল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সোবহানের নেতৃত্বে মিছিল নিয়ে বরিশাল মহানগর বিএনপির র্যালিতে অংশগ্রহন করা হয়।
আজ শনিবার সকালে বরিশাল নগরীর হাটখোলা এলাকা থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে এ মিছিল বের হয়।
স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সোবহানের নেতৃত্বে আসা মিছিলটি বরিশাল মহানগর বিএনপির র্যালিতে যুক্ত হয়ে একপর্যায়ে বরিশাল সদর রোড দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশ নেওয়া বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সোবহান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- আজ অনেকটা বিজয় দিবসের আবহে উদযাপিত হচ্ছে। এটাই হওয়ার কথা ছিল। ইতিহাস যেন এভাবেই লেখা ছিল।
স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সোবহান আরও বলেন, ১৬ ডিসেম্বর যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করেছিল,সেই প্রত্যাশারই পূর্ণতা এসেছিল ৭ নভেম্বর। ইতিহাসকে সাময়িকভাবে চাপা দিয়ে রাখা যায়, কিন্তু কখনো মুছে ফেলা যায় না।
আমরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। দলনেতা তারেক জিয়ার মাঠপর্যায়ের লড়াকু সৈনিক, আমরা। আমরা সর্বদা দেশের মানুষের সাথে এ বিজয়ানন্দ ভাগাভাগী করে পথ চলতে চাই।






