আপডেট: February 3, 2022
সায়েম-উল-আলম:
আদালতের নির্দেশ অমান্য করে বরিশাল নগরের গির্জা মহল্লায় একটি মোবাইলের দোকান দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গির্জা মহল্লায় অবস্থিত ভেনাস মার্কেটের ব্যবসায়ী সৈয়দ সাকিব বলেন, “রং বে রং নামের মোবাইলের দোকান নিয়ে সাত বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে স্থিতিবস্থা জারি করেছে আদালত। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামের নূর হোসেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে গত ১ জানুয়ারি রাত আটটার দিকে আমার রং বে রং নামের মোবাইলের দোকান দখলের পায়তারা করে। এমনকি স্টল দখল করতে না পারলে এখানকার ব্যবসায়ীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নূর হোসেন। নূর হোসেন বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামের জিন্নাত আলি শিকদারের ছেলে। কিন্তু গির্জা মহল্লার প্রভাবশালীদের নাম ব্যবহার করে নূর হোসেন গত মাসের ৩০ জানুয়ারি আমার দোকানের তালা কেটে ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । এসময় নূর হোসেন ও তার সহযোগীদের মার্কেটের ভেতরে প্রবেশে বাধা দিলে নৈশ প্রহরী মোঃ আরিফকে মারধর করা হয়। ওই দিনই নূর হোসেনের নামোল্লেখ করে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরিও করা হয়। পরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। ব্যবসায়ী সৈয়দ সাকিব আরও বলেন, আদালতের নির্দেশ অমান্য করে স্টালের তালা কেটে মালামাল লুট ও দখল চেষ্টা করার কারনে নূর হোসেন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বরিশাল মেট্্েরাপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে”। এ বিষয়ে কথা বলার জন্য নূর হোসেনের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘ভাই (প্রতিবেদক),আপনার সাথে পরে কথা বলবো’। এদিকে বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি’র মুঠোফোনে কথা হলে তিনি জানান,“ আমি অসুস্থ্য। ছুটিতে রয়েছি। তারপরও বিষয়টি খোজ নিয়ে দেখছি”।






