বরিশাল নগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট: March 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাদিম(২৬)। নাদিম একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে চাকরি করতো। বরিশাল সদর উপজেলার কাশিপুর বিল্ল বাড়ি এলাকার নাজিম উদ্দীনের পুত্র সে। এছাড়াও হাতেম আলী কলেজের শিক্ষার্থী ছিল নাদিম। প্রত্যক্ষদর্শীরা জানান, নাদিম রাস্তা ক্রস করে যাওয়ার সময় পিছনে একটি বাইক ও সামনে প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা খেয়ে পরে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্বজনরা নাদিমের লাশ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার চেষ্টা করলে হাসপাতালের ট্রলি চালকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, নিয়ম উপেক্ষা করে লাশ নেওয়ার চেষ্টা করে নাদিমের স্বজন ও সহপাঠীরা। পরে পুলিশ এসে ঘটনা সামলে নেয়। অন্যদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিশাত সুলতানা বলেন, ময়নাতদন্ত ছাড়া নাদিমের লাশ বাড়ি নেওয়ার চেষ্টা করে স্বজনরা। এতে হাসপাতালের কর্মচারীরা নাদিমের স্বজনদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব