আপডেট: June 15, 2022
স্টাফ রিপোর্টার
শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। গতকাল বোরহান উদ্দিন সদর উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুরুতর অসুস্থ গৃহবধূ মিঞ্জু আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ মিঞ্জু আক্তার বাউফল উপজেলার রাসেল হাওলাদারের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঞ্জু আক্তার বলেন, বিয়ের পর থেকে স্বামী রাসেল ও শ্বশুরালয়ের লোকজন আমার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছে। আমি দাবীকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে আমার ওপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে আমাকে মারধর করে বোরহানউদ্দিনে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মুঠোফোনে কথা হলে আমাকে তালাকের হুমকি দেয় সে। একপর্যায়ে উপায়ন্তর না দেখে আমি আত্মহত্যার পথ বেঁচে নেই। এদিকে রাসেল হাওলাদার বলেন, ‘আমার সঙ্গে কোনরকম ঝগড়া হয়নি। কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছে তাও আমার জানা নেই। এদিকে বোরহান উদ্দিন থানার ওসি বলেন, আমি ছুটিতে রয়েছি। আত্মহত্যার বিষয়টি আমি জানি না।






