আপডেট: September 17, 2026
অনলাইন ডেস্ক:::
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে বরিশালে ১৫ সদস্যের ‘বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ্ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে সভাপতি এবং বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সহ-সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল রেঞ্জ ডিআইজির প্রতিনিধি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার।
এছাড়া বিভাগীয় কমিশনার মনোনীত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল এবং কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা আকবরকে কমিটিতে রাখা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে থাকবেন সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০২৬ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।






