আপডেট: October 2, 2026
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে বৈধ বিদ্যুৎ সংযোগের আড়ালে রাতের আঁধারে চলে ব্যাটারিরিকশা ও ইজিবাইকের ব্যাটারি চার্জ। অভিযোগ রয়েছে, দিনে মিটারে বিদ্যুৎ ব্যবহার দেখানো হলেও রাতে বিভিন্ন গ্যারেজে মেইন লাইনে সরাসরি ‘হুকিং’ করে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ বিভাগের রাজস্ব ক্ষতির পাশাপাশি অতিরিক্ত লোডে অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, সিদ্ধিরগঞ্জে ৩ শতাধিক অটোরিকশা গ্যারেজে বছরে প্রায় ২ কোটি ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা হিসাবে আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২৬ কোটি। সংশ্লিষ্টদের দাবি, এসব গ্যারেজের অধিকাংশের বৈধ সংযোগ থাকলেও রাতে একটি অংশ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে। মেইন লাইনে হুকিং করে সরাসরি বিদ্যুৎ নেওয়ায় মিটারে প্রকৃত ব্যবহার প্রতিফলিত হয় না। এদিকে অতিরিক্ত অটোরিকশার চাপ নগরীর যানজটও বাড়িয়েছে। নাসিকের নিবন্ধিত অটোরিকশা ১৭ হাজার ৩৪২টি হলেও নগর ও শহরতলীতে কয়েকগুণ বেশি চলাচলের অভিযোগ রয়েছে। আদমজী-কদমতলী, সিদ্ধিরগঞ্জপুল, শিমরাইল মোড় ও জালকুড়িসহ ব্যস্ত এলাকায় দিনের অধিকাংশ সময় অটোরিকশার জট লেগে থাকে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ বাহন। তবে সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য এগুলো নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এ লক্ষ্যে নগর এলাকায় ডিজিটাল প্লেট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ইজিবাইকের চার্জিং স্টেশনগুলোতে ব্যবহৃত বিদ্যুতের প্রায় অর্ধেক রাতের আঁধারে অবৈধভাবে হচ্ছে। অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সিআইখোলা, মিজমিজি বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অটোরিকশার একাধিক গ্যারেজে অভিযান চালায় ডিপিডিসি ও জেলা প্রশাসন। জরিমানা এবং একটি গ্যারেজের অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






