যুক্তরাষ্ট্রে ৪ বছরের মেয়েকে গু/লি, পরে মায়ের আ/ত্মহত্যা

আপডেট: October 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আর্ন্তজাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আদালতে সন্তানের অভিভাবকত্ব হারানোর পর চার বছরের মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে ওই নারী নিজেকেও গুলি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম ভিভিয়ান সাভেলা। পরিবারের আইনজীবী ও হিউস্টন পুলিশ বিভাগের (এইচপিডি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম হিউস্টনের একটি টাউনহাউসে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিভিয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় পায়।

ভিভিয়ানের মা ৩৫ বছর বয়সী সিবেল সাভেলা নিজের শরীরেও গুলি করেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের আইনজীবী জানিয়েছেন, সিবেল ও অ্যারন সাভেলার ২০২৪ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়। এরপর তাঁদের একমাত্র সন্তান ভিভিয়ানের অভিভাবকত্ব নিয়ে আদালতে আইনি লড়াই চলছিল।

ঘটনার দিন পারিবারিক আদালতের বিচারক ভিভিয়ানের বাবা অ্যারনের পক্ষে রায় দেন বলে পরিবার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মঙ্গলবার রাতেই শিশুটিকে বাবার কাছে হস্তান্তরের কথা ছিল। এর আগেই গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে শিশুটির সৎ বাবা ও একজন শিশু পরিচর্যাকারী ছিলেন। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

অ্যারনের আইনজীবী শার্লট রেইনওয়াটার এক বিবৃতিতে বলেন, ‘আমার ২৮ বছরের পারিবারিক আইন পেশার জীবনে এমন ভয়াবহ ঘটনা কখনো দেখিনি। আদালতের শুনানির সময়ও কেউ ভাবেনি পরিস্থিতি এমন পরিণতির দিকে যাবে।’

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যারন আদালতের সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু মেয়েকে আর বাড়ি ফিরিয়ে নেওয়া সম্ভব হলো না।

ভিভিয়ানকে স্মরণ করে পরিবারের সদস্যরা বলেন, ছোট্ট মেয়েটি তার চারপাশের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব