স্টাফ রিপোর্টার
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপতাল চত্বরে লিমন নামে এক এম্বুলেন্স চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত বারোটার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এসময়ে আহত এম্বুলেন্স চালককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।আহত এম্বুলেন্স চালক লিমন মুলাদী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন খান বলেন, আমি মুলাদী এম্বুলেন্স নামে একটি গাড়ির চালক।সোমবার রাতে আমি ৮ হাজার টাকা ভাড়ায় যাত্রী নিয়ে শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা দেই।
কিন্তু বরিশাল মেডিকেল এম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সজিব ও তার সহযোগী রুবেলকে দাবিকৃত ৫০০ টাকা চাঁদা না দেওয়ার কারণে এ হামলা চালানো হয়।
তারা আমার মাথায় কিল-ঘুষি মারে। এতে আমার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এসময়ে হামলাকারীদের হাত থেকে আমাকে বাঁচাতে আমার খালাতো ভাই আকাশ মোল্লা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। আমি এই হামলার বিচার দাবী করছি।
এদিকে জানা গেছে, হামলাকারী সজীব বরিশাল নগরের পলাশপুর এলাকার আলতাফ গাজীর ছেলে। অন্যদিকে রুবেল নগরের ব্যাপটিষ্ট মিশন রোড এলাকার বাসিন্দা।
অন্যদিকে মুলাদী এম্বুলেন্সের মালিক মোঃ শহিদুল ইসলাম বলেন, আমার চালকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হামলার ঘটনায় বরিশাল এম্বুলেন্স মালিক সমিতির সম্পাদক সজিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।