আপডেট: October 20, 2026
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে মাদকাসক্ত স্কুলছাত্র কাজী মারজানের (১৬) মৃত্যুকে কেন্দ্র করে মাদক কারবারির বাড়িতে উত্তেজিত জনতার হামলা চালিয়েছে। মাদক কেনার টাকা না পেয়ে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে স্কুলছাত্র কাজী মারজান। ওই দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা রহিমাবাদ গ্রামে মাদককারবারি হাফিজুর রহমান বাড়িতে হামলা চালায়। এসময়ে মাদককারবারিসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে এলাকাবাসি এসে উত্তেজিত জনতাকে শান্ত করে।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মাদকাসক্ত স্কুলছাত্র কাজী মারজানের বিষপানে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভোর রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






