আপডেট: October 31, 2026
পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ১৭টি বেহুন্দী জালসহ বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার বিকেল ৫টার দিকে পাথরঘাটার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেন। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোট দুটিতে থাকা ২১ জেলেকে আটক করা হয়।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা বোট, ট্রলিং জাল ও অন্যান্য সরঞ্জামসহ আটক জেলেদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সামুদ্রিক ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






