আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে ছিলেন মন্দাকিনী

আপডেট: September 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্ক:::
১৯৮৫ সালে রাজ কাপুরের পরিচালনায় ‘রাম তেরি গঙ্গা মেলি’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেছিলেন বলিউডের সুন্দর চোখের মায়াবিনী অভিনেত্রী মন্দাকিনী। তৎকালীন সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কোনো এক অদৃশ্যে অভিনয় জগৎ থেকে দূরে সরে যান মন্দাকিনী। ১৯৯৬ সালের ‘জোরদার’ সিনেমাটি ছিল তার ক্যারিয়ারের শেষ কাজ। পরে অবশ্য ১৯ বছর পর আবার পর্দায় ফেরেন মন্দাকিনী। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্যকেই নাকি বলিউডে মন্দাকিনীর ক্যারিয়ারের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দাউদ ইব্রাহিমের সঙ্গে তার বহু বছর আগের একটি ছবি ঘিরে তৈরি হয়েছিল বিস্তর বিতর্ক। সেই ছবি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী মন্দাকিনী। জানালেন দাউদের আমন্ত্রণে তিনি দুবাই যাননি, একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। পরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ওই ছবি তোলা হয়। সেই সময়ে বিষয়টি নিয়ে এতটা জল্পনা তৈরি হবে, তা তিনি বুঝতে পারেননি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দাকিনী বলেন, একজন শিল্পী হিসাবে হাজার হাজার মানুষের সঙ্গে দেখা করতে হয় তাকে। কে কী বলবেন বা লিখবেন, তার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সবাই আমাদের কাছে সমান।

দাউদের আমন্ত্রণে গিয়েছিলেন কিনা, সেই প্রশ্নের উত্তরে মন্দাকিনী বলেন, না, দাউদ আমাকে আমন্ত্রণ জানাননি। সেই মুহূর্তে ছবিটি যে এত বড় বিতর্কের কারণ হয়ে উঠবে, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান অভিনেত্রী।

ছবিটি প্রকাশ্যে আসার পর মন্দাকিনীর সঙ্গে দাউদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে। অভিনেত্রী বলেন, সেই বিতর্ক তার চলচ্চিত্রজীবনে বড় প্রভাব ফেলেছিল। তিনি বলেন, ‘এই বিতর্ক অনেক ক্ষতি করেছিল।’ পরে তিনি বুঝেছিলেন, এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য শিল্পীদের একটি দক্ষ সহযোগী দলের প্রয়োজন।

উল্লেখ্য, ‘রাম তেরি গঙ্গা মেলি’ সিনেমায় অভিনয় মন্দাকিনীকে আশির দশকের হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ করে তোলে। সেই সিনেমাটি বাণিজ্যিকভাবেও সাফল্য পেয়েছিল। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেন মন্দাকিনী। তার দীর্ঘ অভিনয়জীবনে ৭৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অনিল কাপুর, মিঠুন চক্রবর্তী, গোবিন্দের মতো একাধিক প্রথম সারির অভিনেতার সঙ্গে পর্দা শেয়ার করে নেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহাবুব