আপডেট: July 1, 2022
স্টাফ রিপোর্টার
পরিকল্পিতভাবে টাকা ছিনতাইয়ের ঘটনায় আদালতে মামলা দায়ের করার কারণে বাদীকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা বারোটার দিকে মঠবাড়ীয়া উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত আবুল কালাম আজাদ (শাহানুর)কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহানুর ওই গ্রামের আব্দুল হামিদ সিকদারের ছেলে। হাসপাতালে আহত অবস্থায় আবুল কালাম আজাদ (শাহানুর) বলেন, ২০২১ সালে পরিকল্পিতভাবে আমার কাছ থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হক,মতলেব তালুকদার, জয়নাল মোল্লা,আব্দুর রব মোল্লা, সেলিনা খাতুন,সাফিয়া খাতুনসহ ৪/৫ জন যুবক আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে আমাকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মঠবাড়ীয়া থানার ওসি বলেন,আমি মিটিংয়ে ব্যস্ত রয়েছি। বিষয়টি আমার জানা নেই।






