আপডেট: July 23, 2022
স্টাফ রিপোর্টার
রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্মীকে দুই দফায় পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে স্টিমারঘাট বাজার ও সন্ধ্যায় বাবুগঞ্জ খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময়ে আহত ছাত্রলীগ কর্মী সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল ভূতেরদিয়া গ্রামের মৃত ফজলুল করীম মাষ্টারের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় সোহেল হাওলাদার বলেন, আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। যে কারণে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কেদারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী হাসান,আলমগীর হোসেন, মোমেন, মিরাজ, কালাম ৭/৮ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে বাবুগঞ্জ থানা পুলিশের এসআই আজাদ ও তার সহযোগী আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাবুগঞ্জ থানার ওসি বলেন, মারধরের ঘটনা শুনেছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।






