আপডেট: August 14, 2022
রিপোর্ট, শিকদার মাহাবুবঃবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে “জয়বাংলা জয় বঙ্গবন্ধু” জাতীয় শ্লোগান ব্যাতীত শোক দিবসের ব্যানার টাঙিয়েছেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট (মেট্রন) সুফিয়া বেগম। এ ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে নার্সিং নেতৃবৃন্দের মধ্যে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্টের কক্ষের সামনে “জয়বাংলা জয় বঙ্গবন্ধু” জাতীয় শ্লোগান ব্যাতীত জাতীয় শোক দিবসের ব্যানার টাঙানো হয়েছে। এমনকি এই ব্যানারে লেখা রয়েছে সর্বস্তরের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। যেখানে বোঝানো হয়েছে নার্সিং কর্মকর্তাদের মধ্যেই কর্মচারী নামে সরকারি শ্রেণীবিভাগ রয়েছে। কিন্তু নার্সিং কর্মকর্তারা “সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার”। তাদেরকে কর্মচারী আখ্যা দেওয়া কতটা যুক্তিসম্মত তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল জেলা শাখার সভাপতি ও সাবেক নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সেলিনা আক্তার বলেন,” জাতীয় শ্লোগান ব্যাতীত ১৫ আগস্টের ব্যানার টাঙানো মোটেও যৌক্তিক নয়। কীভাবে ব্যানার-পোস্টারে লিখতে হয় সেগুলো আগে জানতে হবে। তাছাড়া নার্সিং কর্মকর্তারা “সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার”। তাদেরকে কর্মচারী আখ্যা দেওয়া মানে হেয় করা। আমি মনে করি এটা গর্হিত কাজ।”
তবে এ বিষয়ে কথা হলে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগম বলেন, “বাংলাদেশের হাজার হাজার জায়গায় জাতীয় শ্লোগান ছাড়া ব্যানার টাঙানো হয়। সেটা কেউ দেখে না। আমি যে ব্যানার টাঙিয়েছি সেটা আপনাদের (সংবাদকর্মীদের) চোঁখে পড়েছে। আর আমি যেটা টাঙিয়েছি তা হাসপাতাল পরিচালক স্যারের সঙ্গে কথা বলে করেছি। ”
এদিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, “শোক দিবসের ব্যানারে জাতীয় শ্লোগান লেখা হয়নি ! এটা মোটেও ঠিক হয়নি।”






