গৌরনদীতে আ’লীগের অফিসে ব্যাপক ভাংচুর:ইশরাককে আসামী করে মামলা

আপডেট: November 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,শিকদার মাহাবুবঃ
বরিশালের গৌরনদীতে মাহিলারা বাজারের মর্ডান ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর করেছে বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার বহরে থাকা লোকজন। এসময় তারা ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলেছে। জানা গেছে, মাহিলাড়া বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদারসহ ১০/১২ জন আওয়ামী লীগের নেতাকর্মী আজ শনিবার সকাল ৬টার দিকে মাহিলাড়া বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ইশরাক হোসেনের ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে বিএনপি নেতাকর্মীরা নেমে বাজারের মর্ডান ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে।এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও দুজন হামলায় আহত হয়েছেন।

হামলার ঘটনায় গৌরনদী মডেল থানায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।আজ সন্ধ্যায় মামলাটি দায়ের হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

তিনি জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইতোমধ্যে এজাহারভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু বলেন, বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব