আপডেট: January 26, 2023
স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার গীলাতলী গ্রামে জমিজমা বিরোধের জের ধরে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের ওপর হামলা ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ১৪১৩। গতকাল বুধবার গৃহবধূর স্বামী মোঃ রুবেল সরদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই জিডি করেন। জিডি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে জমিজমা বিরোধের জের ধরে গীলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওয়া বেগম, তার বোন রিনা বেগম ও মাসুমসহ অজ্ঞাত কয়েকজন মিলে ওই গৃহবধূর ঘরে ঢুকে তার ওপর হামলা করে। একপর্যায়ে তার বসতঘর ভাংচুর করে। এমনকি তাদের পরিবারকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এদিকে মোঃ রুবেল সরদার জানান, প্রধান শিক্ষক হাওয়ার শেল্টারে রিনা,মাসুম এই হামলা চালায়। এর আগেও আমাদের ওপর হামলা চালিয়েছে তারা। আর দূরে বসে এসব ষড়যন্ত্রে লিপ্ত তাদের বোন মুনিয়া, খুকু,কালো,জুলিয়া,আলমগীর খান, ইউনুস খান। মোঃ রুবেল সরদার বলেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কারণে থানায় জিডি করেছি। তবে এ ঘটনায় প্রধান শিক্ষক হাওয়া বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে জিডির তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।






