আপডেট: April 26, 2023
স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- মোঃ খায়রুল খান,তার স্ত্রী নুপুর বেগম ও তার শিশুকন্যা আলিফা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ খায়রুল খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে আমাকে ও আমার স্ত্রী ও শিশুকন্যাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। একপর্যায়ে আমাদের মৃত ভেবে মাটিতে ফেলে চলে যায়। হামলা চালায় আমার বাবা বাবুল খান, ভাই শাওন খান, মা মন্জুয়ারা বেগম,বোন নাসরিন বেগম,বোনজামাই রিয়াদসহ ৩/৪ জন যুবক। এছাড়াও আমাদের ঘরের মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। আহত নুপুর বেগম বলেন, হত্যার উদ্দেশ্যে ওরা প্রথমে আমাকে মারধর করে। একপর্যায়ে আমাকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে বুকের ওপর লাথি মারতে থাকে। আমি নিষেধ করলেও ওরা শুনেনি। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নলছিটি থানার ওসির মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।






