আপডেট: July 26, 2023
স্টাফ রিপোর্টার::অনেক দিন ধরে দেখা যাচ্ছে
মানসিক ভারসাম্যহীন চল্লিশোর্ধ্ব একজন মানুষকে। কখনো সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সিড়ির কাছে ফ্লোরে পড়ে থাকে। আবার উলঙ্গ অবস্থায় হাসপাতালের মেডিসিন বিভাগের সামনেও পড়ে থাকে। মানসিক ভারসাম্যহীন চল্লিশোর্ধ্ব ওই যুবকের দুই পায়ে পচন ধরেছে। এমনকি পায়ের মাংস পেশিতেও পোকা বাসা বেঁধেছে। সবসময় ব্যথায় চিৎকার করতো সে। একপর্যায়ে তার ঠাঁই
হয় মেডিসিন বিভাগের সামনের রাস্তায় । মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে হাসপাতালের বাহিরে এসে রোদবৃষ্টি ও ধুলাবালির মধ্যেই পড়ে থাকতো সে। কিন্তু হাল ছাড়েননি নার্স লিংকন দত্ত। হাসপাতালের বাহিরে থাকা ওই যুবককে বাঁচানোর জন্য তার পায়ে ড্রেসিং করে দিতো লিংকন দত্ত। আজ বুধবারও ওই যুবককে ধরে তার দুই পায়ে ড্রেসিং করে দেন তিনি। এসময়ে হাসপাতালে আগন্তুক মানুষগুলো ভীড় জমায়। তাদের মধ্যে অনেকেই বলে উঠেছিলো,এরকম একজন মানবিক নার্স পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তবে হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডের ইনচার্জ লিংকন দত্ত বলেন, ‘এটা আমার ডেইলি রুটিন। সে পাগল হোক বা অন্য কেউ হোক, আমার ডিউটি আমি পালন করেছি। আমার কাছে সবাই রোগী।’






