আপডেট: August 23, 2023
স্টাফ রিপোর্টার:: রাজহাঁসের বাচ্চায় মাটি ঠোকরানোয় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে বরিশাল শহরের ভাটিখানা জোড়মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত বৃদ্ধাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত
বৃদ্ধার নাম রুনু বেগম। সে ওই এলাকার আব্দুর রবের স্ত্রী। হাসপাতালে আহত অবস্থায় বৃদ্ধা রুনু বেগম বলেন, বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার গৃহপালিত দুইটি রাজহাঁসের বাচ্চা প্রতিপক্ষের ঘরের সামনের মাটি ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। এসময়ে আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে মৃত রফিক খলিফার ছেলে মস্তফা খলিফা ও রাহাত খলিফা। গালাগাল করার প্রতিবাদ করার কারণে প্রতিপক্ষরা আমাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও কাঠের তক্তা দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে আমার চুলের মুটি টেনে ধরে কাদার মধ্যে ফেলে বুকের ওপর লাথি মারতে থাকে। আমি মারতে নিষেধ করলেও ওরা শুনেনি। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পুত্রবধূ জোসনা বেগম বলেন, আমরা কাউনিয়া থানা পুলিশের কাছে গিয়েছিলাম। তারা চিকিৎসা শেষে থানায় মামলা গ্রহণ করবেন বলে আশ্বাস দেয়।






