আপডেট: October 3, 2023
স্টাফ রিপোর্টার::
আল্লাহর দান ওয়ার্কশপ মালিক বশির ও তার কর্মচারীদের হামলায় এক রিকশাচালক ও তার পরিবারের ৩ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত রিকশাচালক ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন তুলাতলা গ্রামের বাসিন্দা ও রিকশাচালক জাফর হাওলাদার,তার স্ত্রী হালিমা বেগম, কবির হাওলাদার ও তার স্ত্রী রেহেনা বেগম।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক জাফর বলেন, একই বাড়ির বাসিন্দা মনিরের স্ত্রী সাথীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে লিটন নামে এক যুবক। পরকীয়া প্রেমের সম্পর্কের বিষয়ে স্থানীয়ভাবে শালিসিও হয়। এতে লিটনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু টাকা হাতিয়ে নিয়ে মনির বিষয়টি অস্বীকার করে। কিন্তু ঘটনার সাক্ষী ছিলাম আমি নিজে। লিটনের কাছে ৭০ হাজার টাকার বিষয়টি আমি স্বীকার করলে মনির ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে শুরু করে। একপর্যায়ে মনিরের স্ত্রী সাথী ও তার সাথে সখ্যতা থাকার কারণে বশির মৃধা, নাসির মৃধা ,তসির,বাবু,রাব্বি, মনির,রুনু বেগমও আমাকে লাঠি দিয়ে পেটায়। এসময়ে আমাকে আমার পরিবারের সদস্যরা মারধরের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে মারধর করা হয়। তবে ঘটনাস্থলে গেলে মনির ও তার স্ত্রী সাথীকে পাওয়া যায়নি। অন্যদিকে হামলাকারী ও বরিশাল শহরের বিউটি রোডে অবস্থিত আল্লাহর দান ওয়ার্কশপের মালিক বশির মৃধা বলেন, রিকশাচালক আমাদের হয়রানি করতেছে। তাদেরকে আমরা মারধর করিনি। এদিকে বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি।






