বরিশালে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট: November 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক:::
বরিশাল নগরী ও হিজলা উপজেলায় ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় দুইজনের লাশ উদ্ধার করা হয় বলে কোতয়ালী মডেল ও হিজলা থানার ওসি জানিয়েছেন।

ওই দুজন হলেন-বরিশাল নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সোহাগ হোসেন (২৩) ও হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের বাসিন্দা আলী বাবুর্চির ছেলে রাজীব বাবুর্চি (২৮)। সোহাগ পেশায় রিকশাচালক ও রাজীব কৃষক।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, সোহাগ নগরীতে ব্যাটারিচালিত রিকশা চালক ছিল। দুপুরে নগরীর মুন্সীর গ্যারেজ এলাকায় গ্যারেজে রিকশা চার্জ দেয়। বিকেলে গ্যারেজ খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন। তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, সোহাগ মাদকাসক্ত। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাজীবের দুপুরের পর থেকে কোনো খোঁজ ছিল না। পরে সন্ধ্যায় পরিত্যক্ত একটি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় ছোট ভাই। খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ বলা যাবে।

ওসি আরও জানান, দেনায় জর্জরিত রাজীব। এ নিয়ে পারিবারিক কলহ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ নিয়ে হতাশায় আত্মহত্যা করেছে সে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব