আপডেট: December 6, 2024
অনলাইন ডেস্ক::: বরিশালের মুলাদীতে টেম্পো উল্টে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি একটি মাহফিলে অংশ নিতে টেম্পোতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। মুলাদী থানার ওসি জহিরুল আলম উপসচিব ফরহাদ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারজন যাত্রী নিয়ে একটি টেম্পো মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যান। মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদের মৃত্যু হয়।






