আপডেট: December 12, 2021
শিকদার মাহাবুব
বরিশাল নগরে পলাশপুরে ছিনতাই হওয়া গাজার আরও ১ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উদ্ধারকৃত গাজাসহ ছাব্বির নামে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ৫ জনকে আটক করা হয়। তবে সোহান,মেহেদি,সুমন ওরফে ইন্ডিয়া সুমন পালিয়ে গা ঢাকা দিয়েছে। পলাতক এসব গাজা ব্যবসায়ীরা পলাশপুর এলাকার স্থানীয় বাসিন্দা। ৬ কেজি গাজার মধ্যে এ পর্যন্ত ২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আর ২ কেজি গাজা নিয়ে পালিয়েছে গাজা ব্যাবসায়ী কালাম। অন্যদিকে ছিনতাইকারীরা ১ কেজি ২০০ গ্রাম গাজা সেবন করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বাকি ৮০০ গ্রাম গাজা উদ্ধারে মাঠে কাজ করছে পুলিশ। বিষয়টি নিয়ে কথা হলে কাউনিয়া থানার তদন্ত ওসি মোঃ সগীর হোসেন বলেন, এ পর্যন্ত আমরা ২ কেজি গাজা উদ্ধার করেছি। পাশাপাশি ৫ জনকে আটক করেছি। তবে কালামের কাছে ২ কেজি গাজা রয়েছে। আরও ৮০০ গ্রাম গাজার হদীস মিলছে না। আমরা বাকি গাজা উদ্ধারে মাঠে কাজ করছি।
উল্লেখ্য, চলতি মাসের ৮ ডিসেম্বর নগরের পলাশপুরে ৬ কেজি গাজা ছিনতাই হয়। ছিনতাই হওয়া গাজা পলাশপুর এলাকার মাদক ব্যবসায়ী কালামের। কালামের বিরুদ্ধে এ পর্যন্ত একাধিক মাদক মামলা রয়েছে বরিশালের বিভিন্ন থানায়। জানা গেছে, কুমিল্লা জেলা থেকে ৬ কেজি গাজা বিক্রির উদ্দেশ্যে বরিশালে আসে এক মাদক ব্যবসায়ী। ৮ ডিসেম্বর সন্ধ্যায় ওই মাদক ব্যবসায়ী নগরের পলাশপুর এলাকায় পৌছলে তার গাজার ব্যাগ ছিনতাই হয়ে যায়। অভিযোগ ওঠে, নেশায় আসক্ত স্থানীয় কতিপয় যুবক ও খুচরা গাজা ব্যবসায়ীরা ছিনতাই কর্মকান্ডে জড়িত রয়েছে। টাকার বিনিময়ে ২ কেজি গাজা ফেরতও পায় মাদক ব্যবসায়ী কালাম। এমনকি ছিনতাই হওয়া গাজা বিক্রির জন্য নিজেদের কাছে গচ্ছিত রাখে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী। গাজা ছিনতাই হওয়ার ঘটনায় অভিযানে নামে কাউনিয়া থানা পুলিশের একটি টিম। আভিযানিক টিমে অংশ নেয় তদন্ত ওসি মোঃ সগীর হোসেন,এসআই জিহাদ, এএসআই সাইফুল ও এএসআই জসিম। এসময় সোহেল, আকবর ১, আকবর ২ ও হৃদয়কে ১ কেজি গাজাসহ আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো। হয়।
আভিযানিক টিমের সদস্য এএসআই সাইফুল বলেন, কুমিল্লা জেলা থেকে ৬ কেজি গাজা বিক্রির উদ্দেশ্যে কালামের কাছে বরিশালে আসে এক মাদক ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় ওই মাদক ব্যবসায়ী নগরের পলাশপুর এলাকায় পৌছলে তার গাজার ব্যাগ ছিনতাই হয়ে যায়। গাজার চালান শহরে প্রবেশ করেছে এমন খবরে অভিযানে নামে পুলিশ। অভিযান এখনও অব্যাহত রয়েছে।






